|

পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার ও পালরদী নদী বিধৌত দক্ষিণ বাংলার একটি ঐতিহাসিক জনপদের নাম মাদারীপুর। পঞ্চদশ শতাব্দীর সাধক হযরত বদরুদ্দিন শাহ্ মাদার (রঃ) এর নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। ফরায়েজী আন্দোলনের মহান নেতা হাজি শরিয়তউল্লাহ্, পীর মোহসিন উদ্দিন দুদু মিয়া, উপমহাদেশের অগ্নিপুরুষ অম্বিকাচরণ মজুমদার সহ বহু প্রতিথযশা ব্যক্তির পূণ্যভূমি এই মাদারীপুর জেলা। কখনো চন্দ্রদ্বীপ, কখনো ঢাকা, কখনো ফরিদপুরের সাথে প্রশাসনিকভাবে অঙ্গীভূত থাকলেও ১৯৮৪ সালের ০১ মার্চ থেকে এটি একটি স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। সে থেকে মাদারীপুর জেলা প্রশাসনের পথ চলা। সরকারের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে মাদারীপুর জেলা প্রশাসন সবসময় সচেষ্ট। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ‘‘ভিশন-২০২১’’ সামনে রেখে কাজ করে চলেছে। জেলা প্রশাসন মাঠ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রশাসনের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। আর জেলা পোর্টাল তৈরির এ উদ্যোগ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস। আশাকরি জেলাবাসীসহ আপামর জনসাধারণ এ জেলা পোর্টাল থেকে তাঁদের কাঙ্খিত সেবা ও তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবেন। মাদারীপুর জেলা প্রশাসনের পোর্টালে সবাইকে স্বাগতম।
|
|